চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার, গ্রেফতার ১

চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার, গ্রেফতার ১

ফাইল ছবি

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। একইসঙ্গে চুরির ঘটনায় জড়িত এক নারীকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে গ্রেফতার করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাবের মিডিয়া বিভাগ।

র‍্যাব জানিয়েছে, গত ২০ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি হয়। পরে ভুক্তভোগী বৃষ্টি আক্তার (২৪) তার নবজাতক শিশুকে ফিরে পেতে ক্যান্টমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নবজাতক শিশু চুরি হওয়ার ঘটনা বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এরপর র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে থাকে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে নবজাতক শিশু চুরির সঙ্গে জড়িত হাসিনা বেগমকে (৩৮) গ্রেফতার করে এবং চুরি হওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাসিনা বেগম নবজাতক শিশু চুরির সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছে  র‍্যাব আরও জানায়, ভুক্তভোগী বৃষ্টি আক্তার কিশোগঞ্জের নিকলি এলাকার বাসিন্দা। তিনি তৃতীয় সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর তার প্রসব ব্যথা উঠলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং রাত ১০টায় তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরবর্তীতে গত ২০ ডিসেম্বর সকালে বৃষ্টি আক্তার তার পাশের বেডে রোগী দাবি করা এক নারীর কাছে নবজাতক শিশুটিকে রেখে তার মায়ের সঙ্গে ওয়াশরুমে যান। ভুক্তভোগী ওয়াশ রুম থেকে ফিরে এসে দেখেন পাশের বেডের রোগীসহ তার নবজাতক শিশুটি সেখানে নেই।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।