গোমতী নদীতে ধরা পড়ল বিশালাকৃতির দুই বাঘাইড়
ফাইল ছবি
কুমিল্লায় বুড়িচং উপজেলায় গোমতী নদীতে জেলেদের জালে দুটি বিশালাকৃতির বাঘাইড় মাছ ধরা পড়েছে। একটির ওজন ৩৩ কেজি ৩শ’ গ্রাম। অপরটির ওজন ১০ কেজি।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৫টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৫) ও তার ছোট ভাই জালাল উদ্দীন (৫০) এবং একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. ফজলুল হক (৫০) গোমতী নদীতে কারেন্ট জাল ফেলেন। এ সময় একটি বড় আকারের বাঘাইড় মাছ জালে আটকা পড়ে। জেলেরা মাছটি উদ্ধার করে উপজেলার কংশনগর বাজারে নিয়ে ৪১ হাজার টাকায় বিক্রি করেন।
কংশনগর বাজারের পরিবহন শ্রমিক নেতা আলাউদ্দিন ভূঁইয়া জানান, গোবিন্দপুর থেকে ৩ জেলে ওই মাছটি নিয়ে সকাল সাড়ে ৯টায় আসেন। মাছ ওজন করে দেখা গেছে ৩৩ কেজি ৩শ’ গ্রাম। মাছটির প্রতি কেজি ধরা হয়েছে ১ হাজার ২৫০ টাকা করে। মাছটি বিক্রি করা হয় ৪১ হাজার টাকার উপরে।
তিনি আরো জানান, বাজারের কয়েকজন ব্যবসায়ী মিলে বাঘাইড় মাছটি কিনে ভাগ করে নিয়ে যান।
এদিকে, গোবিন্দপুর গ্রামের স্থানীয় ইউপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনির হোসেন জানান, ওই ৩ জেলে মাছটি বিক্রি করে বাজার থেকে ফিরে এসে রোববার বিকেলে গোমতী নদীর একই স্থানে আবার জাল ফেলেন। বিকেল ৫টায় ১০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। এবার ওই ১০ কেজি ওজনের মাছটি অনেকে কিনতে চাইলেও জেলেরা বিক্রি না করে নিজেদের মধ্যে কেটে ভাগ করে নেন।
গোবিন্দপুর বাজারের ডা. আলেক মিয়া জানান, এখন শীতকাল চলছে। এ মৌসুমে নদীর পানি একেবারে কমে যায়। কোথাও নদীতে চর পড়ে যায়। তাই বড় ছোট মাছ এ সময় বেশি ধরা পড়ে।