বিপিএল শুরুর আগেই হঠাৎ সূচি পরিবর্তন বিসিবির

বিপিএল শুরুর আগেই হঠাৎ সূচি পরিবর্তন বিসিবির

ফাইল ছবি

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টি। ক্রিকেটের এই ফরমেটের প্রসার এতটাই বেড়েছে যে, দেশে দেশে আয়োজিত হয় ফ্র্যাঞ্চাইজি লিগ। দর্শক চাহিদা, ব্যবসা, বিনোদন সবকিছু সঙ্গে নিয়ে বসে তারার মেলা। বাংলাদেশে এই মেলার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। আজ থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগটির ১১তম আসর।

তবে মাঠে নামার শেষ সময়ে ম্যাচের সময়সূচিতে  পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
৩১ ডিসেম্বরের দুটি ম্যাচ দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানারকম বিধিনিষেধ রয়েছে। সেই নির্দেশনার আলোকেই ওইদিনের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।
সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। এ ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকাল ৫টায়। এই ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।