চট্টগ্রামে অস্ত্রসহ শীর্ষ ডাকাত রহিম আটক

চট্টগ্রামে অস্ত্রসহ শীর্ষ ডাকাত রহিম আটক

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও শীর্ষ ডাকাত আব্দুর রহিমকে (৫৫) অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার ছেলে মো.ইমরানকেও (২৪) আটক করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর সিইউএফএল ক্যাম্প প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, খুন, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ ৭টি মামলার আসামি আব্দুর রহিম। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিকবার অভিযান পরিচালনা করেও তাকে আটক করতে ব্যর্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২টি বন্দুক, ৮রাউন্ড দেশীয় গুলি, চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থার গ্রহণের জন্য আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক দুইজনকে উদ্ধার হওয়া অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হবে।