বাণিজ্য মেলায় প্রবেশে টিকিট লাগবে না যাদের
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে পর্দা উঠেছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। এবার প্রথমবারের মতো মেলায় প্রবেশ করতে দর্শনার্থীদের জন্য ‘ই-টিকেটিংয়ের’ ব্যবস্থা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে শুরু হওয়া মেলায় প্রাপ্তবয়স্ক ও শিশুদের প্রবেশের ক্ষেত্রে ফি বাড়েনি।
মেলায় প্রবেশে প্রাপ্তবয়স্কদের জন্য এবারও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, যা আগের বছরও একই ছিল। শিশুদের জন্যও (১২ বছরের নিচে) আগেরবারের মতো ২৫ টাকা থাকছে টিকিটের মূল্য। তবে কার্ড দেখানো সাপেক্ষে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার কিছু আগে রাজধানী ঢাকার উপকণ্ঠে রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলার ২৯তম আসরের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এটি চলবে মাসব্যাপী।
দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় মেলাটি প্রতিবছরের শুরুর দিন উদ্বোধন করা হয়। বছর কয়েক থেকে এটি হচ্ছে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। মাসব্যাপী মেলাটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।