থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন, জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন, জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবনকালে আটক চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টির অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা এবং কৃষন চন্দ্র বর্ম্লন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রক্টরিয়াল টিমের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চারজন (তিনজন ছাত্র ও একজন ছাত্রী) শিক্ষার্থীর কাছ থেকে মাদকদ্রব্য (অ্যালকোহল) পাওয়ার কারণে তাদেরকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া, শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সুপারিশসহ ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।