হাতের মেদ কমানোর সহজ উপায়
ফাইল ছবি
বেশিরভাগ স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে চান। তবে পেট বা কোমরের মেদ কমানো যদি যত আগ্রহ দেখা যেয় হাতের ব্যাপারে ততটা দেখা যায় না। ফলে হাতের বাহুতে বাড়তি মেদ থেকেই যায়। পুরুষ-নারী উভয়েরই এই সমস্যা দেখা যায়।
বাহুতে অতিরিক্ত মেদ থাকলে হাতকাটা পোশাক পরতে অস্বস্তি হয়। অনেকের ঘাটতি দেখা দেয় আত্মবিশ্বাসের। জীবনধারায় কিছু পরিবর্তন আনার পাশাপাশি নিয়মিত কিছু ব্যায়াম করলে হাতের মেদ দ্রুত কমে। চলুন বিস্তারিত জেনে নিই-
আর্ম সার্কেলিং
বাহুর ওজন কমানোর কার্যকরী একটি ব্যায়াম এটি। প্রথমে একটি চেয়ারে সোজা হয়ে বসুন। হাত দু’টি দু’পাশে কাঁধ বরাবর টান টান করে তুলে ধরুন। এবার একসঙ্গে দু’টি হাত ঘড়ির কাঁটার দিকে ১৬ বার ঘোরান। কিছুক্ষণ অপেক্ষা করে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরান ১৬ বার। দিনে ২-৩ বার ব্যায়ামটি করতে পারেন।
পেক ডেক
প্রথমে হাতের মুঠো বন্ধ করুন। এবার হাত দু’টি ভাঁজ করে মুখের সামনে সোজাসুজি রাখুন। সে অবস্থাতেই হাত দু’টি দু’পাশ দিয়ে পিছনে নিয়ে যান। এই অবস্থায় দশ পর্যন্ত গুনুন। তারপর হাত দুটো আবার সামনের দিকে আনুন। এভাবে চার-পাঁচ বার ব্যায়ামটি করুন।
ডাউনওয়ার্ড ফেসিং ডগ
এই ব্যায়ামটি করতে প্রথমে সোজা হয়ে দাঁড়ান। হাত দু’টি টান টান করে ওপরের দিকে তুলে ধীরে ধীরে নামিয়ে মাটিতে ভর দিন। এই অবস্থায় শরীরটি ত্রিভুজের মতো দেখাবে। এবার ওই অবস্থাতেই কোমরটি কিছুটা নিচের দিকে ঠেলুন। ব্যায়ামটি করার সময় দশ পর্যন্ত গুনে কিছুক্ষণ অপেক্ষা করুন। চার-পাঁচ বার ব্যায়ামটি করতে পারেন।
পুলিং অফ আর্মস ব্যাকওয়ার্ডস
প্রথমে সোজা হয়ে চেয়ারে বসুন। টান টান করে একটি হাত মুঠো করে উপরের দিকে তুলুন। হাতে হালকা চাপ পড়বে, এমনভাবে হাতটিকে টান টান করে পিছন দিকে ঠেলার চেষ্টা করুন। এই অবস্থাতেই দশ অবধি গুনুন। দু’হাতে চার বার করে এই ব্যায়ামটি করতে পারেন। বাহুর মেদ কমাতে এই ব্যায়ামটি বেশ কার্যকর।
পুশ আপ
হাত আর বাহুমূলসহ পুরো শরীরের মেদ কমাতে দারুণ কার্যকর এই ব্যায়াম। ব্যায়ামটি করার জন্য প্রথমে উপুড় হয়ে শুতে হবে ম্যাট বা কোনো শক্ত জায়গার ওপরে। পা দুটোর মধ্যে কিছুটা দূরত্ব থাকবে। এই অবস্থায় শরীর টান টান রেখে হাত ও পায়ের আঙুলের ওপরে ভর দিয়ে কিছুটা তুলতে হবে।
খেয়াল রাখবেন যেন শরীরের ভার হাতের উপরেই বেশি পড়ে। ব্যায়ামটি করার সময়ে আট পর্যন্ত গুনবেন। দিনে তিন-চার বার এই ব্যায়ামটি করতে পারেন।
নিয়মিত এই ব্যায়ামগুলো করলে হাতের মেদ দূর হবে সহজেই।