বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ফাইল ছবি

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলা উপ কর কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। 

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে কলেজ রোডের বিপরীত পাশে উপজেলা উপ কর কমিশনের সামনে রোড ডিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ৬৫ বছর) এক ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হন। 

লাশের ওপর দিয়ে কয়েকটি গাড়ি যাওয়ায় লাশ পিষ্ট হয়ে গেছে। বাহ্যিকভাবে নিহত ব্যক্তিকে দেখে পরিচয় শনাক্ত করার মতো অবস্থায় নেই। স্থানীয়রা বলছেন যে নিহত বৃদ্ধ ব্যক্তি রোড ডিভাইডার পার হওয়ার সময় কোনো একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নিহত হয়েছেন। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।