স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে বিক্ষোভ

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় কোনো পদক্ষেপ না নেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন।

গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন’ নামের একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের ঢাকা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীরা বিগত সময়ে পুলিশের অমানবিক হামলার ধারাবাহিকতা ৫ আগস্টের পরও বজায় আছে বলে প্রতিবাদ জানান।

কোয়ালিশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিঃশর্ত পদত্যাগ চাই। এর কারণ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। পুলিশ আগেও প্রথম আলো অফিসের সামনে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে। সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হামলা চালিয়েছে।

তিনি বলেন, পুলিশ জুলাইয়ের ব্যর্থতার ক্ষোভ এখন মিটাচ্ছে। এসব দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। তিনি এখন কোনো পদক্ষেপ না নিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।

জেনারেল সেক্রেটারি এস এম তানিম বলেন, পুলিশ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। অথচ তাদের কাছেই মানুষ অনিরাপদ। জুলাইয়ে ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার বিচার এখনো হয়নি।

নির্বাহী সদস্য তৌকির উদ্দিন বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক, আইনশৃঙ্খলা বাহিনী আজও জনগণের কল্যাণে কাজ না করে শক্র হয়ে কাজ করছে।

আরেক সদস্য মোয়াজ আব্দুল্লাহ বলেন, আজ থেকে চার মাস আগে পুলিশ সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি, আজও তা চলমান। কিন্তু কোনো ফল পাইনি। দেশজুড়ে এখনো নানা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।