বেরোবির প্রতিষ্ঠাকালীন নাম ফিরিয়ে দেওয়ারসহ তিন দফা দাবিতে মানববন্ধন
সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নাম পুনর্বহালসহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা তাদের তিনটি দাবি তুলেন। দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল, শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ হাসান জয় বলেন, "শিক্ষার্থীদের মধ্যে যে গণজোয়ার চলছে, তাতে বোঝা যায়, কেউই এই নামটি চায় না। আমরা পূর্বের নাম পুনর্বহাল চাই, তবে এতে যেন কেউ নারী বিদ্বেষী হিসেবে আমাদের না দেখায়। বেগম রোকেয়াকে আমরা যথেষ্ট সম্মান করি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ফ্যাসিজমের শিকার হয়েছে, আমরা এটি থেকে মুক্তি চাই।"
রাকিব মুরাদ নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘একটি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের নাম বিভাগীয় শহরের নামের পরিবর্তে ব্যক্তির নামে হওয়া, তা আমাদের প্রশ্ন। যেহেতু নাম পরিবর্তন হয়েছে, সেহেতু নাম পুনর্বহাল করতে সমস্যা কোথায়? আমরা যখন চাকরির ফরম সংগ্রহ করতে যাই, তখন বিশ্ববিদ্যালয়ের নাম 'রংপুর বিশ্ববিদ্যালয়' থাকে। অথচ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে মানুষ বলে, 'এ বিশ্ববিদ্যালয়কে চিনি না, রংপুর বিশ্ববিদ্যালয়কে চিনি।' তাই বিশ্ববিদ্যালয়ের নাম 'রংপুর বিশ্ববিদ্যালয়' করা উচিত।’
আশিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিষ্ঠাকালীন নাম ফিরিয়ে চাই। এ বিষয়ে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা হলে থাকতে পারছে না, তাদের ভাতা দেওয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র ৮ শতাংশ ছাত্রাবাস রয়েছে। আমরা এ বৈষম্য মানি না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে নাম পুনর্বহাল করতে হবে। যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা কঠোর আন্দোলনে যাব।’