দিনাজপুরে ১২টি স্বর্ণের বারসহ আটক ১

দিনাজপুরে ১২টি স্বর্ণের বারসহ আটক ১

ছবিঃ সংগৃহীত।

দিনাজপুরের বিরামপুরের মুকুন্দপুর বাজার এলাকা থেকে শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১২টি সোনার বারসহ জয়দেব মহন্ত (৪৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য মুকুন্দপুর বাজারে অটোরিকশার জন্য অপেক্ষার সময় গোপন অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।  

সোমবার দিবাগত রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজার থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।

পরে মঙ্গলবার দুপুরে মামলার দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।জয়দেব মহন্ত (৪৩) বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তর ছেলে।  

এ ব্যাপারে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সোমবার দিবাগত রাতে ভারতে পাচারের জন্য শরীরে ১২টি স্বর্ণের বার বিশেষভাবে লুকিয়ে রেখে মুকুন্দপুর বাজার অটোরিকশার জন্য অপেক্ষা করছেন এক ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে জয়দেব মহন্তের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এই ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।