র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা: জবি উপাচার্য

র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা: জবি উপাচার্য

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন, আমরা চাই না আবরার কিংবা অবন্তিকার মতো সম্ভাবনাময়ী শিক্ষার্থীরা আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে র‍্যাগিং ও বুলিং প্রতিরোধে সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশনের শ্রেণি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, প্রক্টর ড. তাজাম্মুল হক এবং র‍্যাগিং ও বুলিং প্রতিরোধ কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রক্টর ড. তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা নানাভাবে র‍্যাগিংয়ের শিকার হয়, তাই তারা মানসিকভাবে ভেঙে পড়ে। আমাদের সবার এসবের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং ছাত্র উপদেষ্টাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।