পলিথিন কারখানায় অভিযানকালে হামলায় আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট

পলিথিন কারখানায় অভিযানকালে হামলায় আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট

ছবিঃ সংগৃহিত।

পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত আলী (৪২)।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শওকত আলী মাথায় ও নাকে আঘাত পেয়েছেন। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, ইসলামবাগ এলাকায় ‘মায়ের দোয়া ইকরা প্লাস্টিক’ নামে পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য অভিযানে যায় পরিবেশ অধিদপ্তরের একটি দল। পরিবেশ অধিদপ্তর পরিচালক (ইনফোর্সমেন্ট) রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত আলী ওই কারখানায় অভিযান শুরু করেন। এ সময় ডিএমপির একজন এডিসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। কিন্তু অভিযান শুরু করলে কারখানাটির কর্মচারী ও বাইরের বেশ কিছু লোকজন এসে তাতে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত আলীর মাথায় ও নাকে আঘাত করা হয়।

রবিবার রাত ৮টার দিকে ওসি জানান, ওই হামলার ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলমান আছে। মামলায় পলিথিন কারখানাটির মালিক ইলিয়াস সরদারসহ জড়িতদের আসামি করা হবে। প্রাথমিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলা রেকর্ড হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।