নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় অপর আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী মির্জাপুর সড়কের চৌধুরীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো- লাবিব হাসান শান (১৬) উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে এবং সাদমান সাফাত (১৪) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম (১৪) ওই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রী চন্দ্র বিদ্যা নিকেতনের শিক্ষার্থী। সম্পর্কে তারা পরস্পর চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন কিশোর সান, সিয়াম এবং সাফাত মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দিয়ার কাজিপুর থেকে চৌধুরীপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চৌধুরীপাড়া এলাকার কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বাড়ির পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানকে মৃত ঘোষণা করে। এ সময় গুরুতর আহত সিয়াম এবং সাফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে সাফাত মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী মারা গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।