সাড়ে ১৫ শতাংশ অগ্নিকাণ্ডের জন্য দায়ী বিড়ি-সিগারেট

সাড়ে ১৫ শতাংশ অগ্নিকাণ্ডের জন্য দায়ী বিড়ি-সিগারেট

ফাইল ছবি

২০২৪ সালে সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই হিসেবে দিনে গড়ে ৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৩৪১ জন ও নিহত ১৪০ জন। এর মধ্যে বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৪ হাজার ১৩৯টি (১৫ দশমিক ৫২ শতাংশ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। দেশে প্রতিবছরই অগ্নি দুর্ঘটনার ঘটনা বাড়ছে।

ফায়ার সার্ভিস জানায়, গত ২০২৪ সালে সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি এবং দিনে গড়ে ৭৩টি আগুনের ঘটনা ঘটেছে। এই আগুনের ঘটনায় বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাস সংক্রান্ত কারণে আগুনের ঘটনা বেশি ঘটেছে। সারাদেশে এই অগ্নিকাণ্ডে ৪৪৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৬৯৭ টাকা সম্পদের ক্ষতি হয় এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যমে ১ হাজার ৯৭৪ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৭৫ টাকার সম্পদ রক্ষা করে। এছাড়া অগ্নিকাণ্ডে সারাদেশে ৩৪১ জন আহত ও ১৪০ জন নিহত হন।