চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য শাহিনের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য শাহিনের

ছবি: সংগৃহীত

আগামী মাসেই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। এবারের টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। আইসিসির এ টুর্নামেন্টের সবশেষ আসরে চ্যাম্পিয়নও হয়েছিল পাকিস্তানই। বর্তমান চ্যাম্পিয়নরা এবার মাঠে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। আর আসন্ন টুর্নামেন্টে নিঃসন্দেহেই পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন শাহিন আফ্রিদি।

২০১৭ সালে পাকিস্তান যখন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে তখনও জাতীয় দলের হয়ে অভিষেকই হয়নি শাহিনের। ম্যান ইন গ্রিনদের এই পেসার তখন খেলেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। সেবারের ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের ফাইনাল ম্যাচটি টিভিতে দেখেছিলেন শাহিন।

তখন টিভিতে শিরোপা জেতার মুহূর্ত দেখা শাহিন এবার মাঠের খেলায় জিতেই চ্যাম্পিয়ন হতে চান। তিনি বলেন, ‘২০১৭ সালে আমি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছিলাম। ফাইনাল ম্যাচ টিভিতে দেখেছিলাম। এটা আমাদের সবার, আমাদের দেশের জন্য খুবই বিশেষ এক অনুভূতি ছিল। আমি চাই ফাইনালের ওই সাদা কোটটা আমরা আবার পরি।’

সেবার পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার পথে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ফখর জামান। সেই ম্যাচের স্মৃতিচারণ করে শাহিন বলেন, ‘আমি ফখর জামানের ওই ইনিংসকে ভুলতে পারি না। পুরো ম্যাচকে পরিবর্তন করে দিয়েছিল ওই ইনিংস। মোহাম্মদ আমিরের ওই স্পেল। সব প্লেয়ার নিজেদের জায়গা থেকে জয়ে অবদান রেখেছিল।’

এবারও একই রকম পারফর্ম করে শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করে শাহিন বলেন, ‘কিন্তু যে দুজন (ফখর-আমির) মূল পারফরম্যান্স করেছিল, সেটা আমি কখনোই ভুলতে পারব না। আমার মনে হয়, সব মিলিয়ে এটা দলগত নৈপুণ্য ছিল এবং এই নৈপুণ্য আরও একবার দরকার হবে সেই মুহূর্তগুলো ফিরিয়ে আনতে। আমরা চেষ্টা করব সেটাই করতে এবং চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানেই রেখে দিতে।’