জয়পুরহাটে ভাতিজার হাতে চাচার মৃত্যু
প্রতিকী ছবি
জয়পুরহাটে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা রশিদুলের বিরুদ্ধে। পাঁচবিবি উপজেলার উচাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার বিকেলে নিহদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত আব্দর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানায়, রবিবার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে আসলে সেখান থেকে ডেকে নিজের বাড়ি পাঁচবিবি উপজেলার উচাই মধ্যপাড়া গ্রামে নিয়ে আসেন তার ভাতিজা রশিদুল ইসলাম। এরপর রাতে তাকে মারধর ও নির্যাতন করলে রাজ্জাক মারা যান। পরে সোমবার সকালে বাড়ীতে তালা দিয়ে পরিবারসহ পালিয়ে যান রশিদুল। এরপর বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
মেয়ে ঘটিত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসীরা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া দুই হাত থেতলানো ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে।
এখানে নারী ঘটিত একটা বিষয় আছে বলে এলাকাবাসীরা বলছে, তবে সঠিক জানিনা। ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্ত করে হত্যার আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।