টেস্ট সেঞ্চুরিতে সর্বকালের শীর্ষ পাঁচে স্টিভ স্মিথ
স্টিভ স্মিথ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টেও দাপট অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। গতকাল থেকে শুরু হয় গলে টেস্ট। যেখানে অজি বোলারদের তোপে বেসামাল শ্রীলঙ্কা। তাতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে লাঞ্চের পরপর ৯১ রানে অস্ট্রেলিয়া হারায় প্রথম উইকেট। ম্যাচ তখন দুই দলের নিয়ন্ত্রণে। সেখান থেকে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি ডাবল সেঞ্চুরির জুটি গড়েন। তাদের দুজনের সেঞ্চুরিতে গল টেস্টে দ্বিতীয় দিন শেষে ৭৩ রানের লিড তুলে নিয়েছে সফরকারী দল।
গলে টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ব্যাটে নেমে ৯৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় স্বাগতিক দল। জবাবে ৮০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। স্মিথ ১২০ আর ক্যারি ১৩৯ রানে অপরাজিত আছেন।
জবাবে নেমে প্রথম ইনিংসে ভালো অবস্থানে আছে অজিরা। যদিও শুরুটা ভালো ছিল না তাদের। দলের খাতায় ৩৭ রান যোগ হতে সাজঘরে ফেরেন ট্র্যাভিস হেড (২১) ও মার্নাস লাবুশেন (৪)। দলকে ৯১ রানে পৌঁছে বিদায় নেন উসমান খাজাও। তার ইনিংস থামে ৩৬ রানে। চতুর্থ উইকেটে লঙ্কান বোলারদের আর কোনো সুযোগই দেননি স্মিথ ও ক্যারি। দুজনে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন। তাদের ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইতিমধ্যে ৭৩ রানের লিড পেয়েছে অজিরা।
এদিকে প্রথম টেস্টে ১৪১ রানের ইনিংস খেলার পথে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা স্মিথ এদিন সেঞ্চুরি হাঁকিয়ে আরও একটি মাইলফলকে পা রেখেছেন। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোতে সমন্বিতভাবে পাঁচে উঠে এসেছেন। স্মিথের মতো টেস্টে ৩৬টি সেঞ্চুরি আছে ভারতের সাবেক রাহুল দ্রাবিড় ও ইংল্যান্ডের জো রুটের। ৫১ সেঞ্চুরি হাঁকিয়ে সবার উপরে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।