মধুমিতা সিনেমা হল নিয়ে নতুন সিদ্ধান্ত

মধুমিতা সিনেমা হল নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

লোকসানের বোঝা বইতে না পেরে কয়েক বছর ধরে মাঝে মাঝে বন্ধ রাখা হয় মধুমিতা সিনেমা হল। সপ্তাহ খানেক আগে সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমা হলটি একেবারে বন্ধের। তবে সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে, আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, তাতে যাচ্ছেন না তারা। আমরা যদি সিনেমা হল বন্ধ করি, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।’

এর আগে হল বন্ধের সিদ্ধান্ত জানিয়ে নওশাদ বলেছিলেন, ‘দুই মাস ধরে হল বন্ধ রয়েছে। আর কোনোভাবে ত চালানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। অন্তর্বর্তী সরকারও তো কিছু করছেন না। মাসের পর মাস লোকসান দিয়ে চালাচ্ছি।’

আরও বলেছিলেন, ‘এভাবে তো চলতে পারে না। যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি। ৫৬ বছর ধরে সিনেমা চালাচ্ছি কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। বন্ধ করেই দিতে হচ্ছে। রোজার ঈদে সিনেমা চালাব, কোরবানি ঈদেও চালাতে পারি এরপর একেবারে বন্ধ করে দেব।’

সবশেষে মধুমিতার কর্ণধার বলেছিলেন, ‘এটা ভেঙে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে আমার তো ইচ্ছে আছে এখানে মাল্টিপ্লেক্স করার।’  

মধুমিতা সিনেমা হল রাজধানীর প্রাচীন একটি হল। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর এটি পথচলা শুরু করে। একসময় দর্শকের ভিড়ে রমরমা থাকলেও এখন দর্শক খরায় বন্ধ হচ্ছে হলটি।