উখিয়ায় ইটভাটায় লাখ টাকা জরিমানা, অবৈধ করাতকল উচ্ছেদ
সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ি এলাকায় গড়ে ওঠা দুটি ইটভাটা ও একটি অবৈধ করাতকলে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। অভিযানে দুইটি ইটভাটায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া উচ্ছেদ করা হয়েছে একটি করাত কল। এসময় করাতকলের বিভিন্ন সরঞ্জামাদি ও কাঠ জব্দ করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি ও রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার গহীন বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা ২টি ইটভাটা এবং রত্নাপালং রুহুল্লার ডেবা এলাকায় এক করাতকলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর রহমান জানান, উপজেলার হলদিয়া পালং খেওয়া ছড়িতে অবস্থিত দুইটি ইটভাটায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসংগতি থাকার কারণে এম আর সি ব্রিক নামের একটি ইটভাটার মালিককে ৭০ হাজার টাকা এবং আফিপা ব্রিক নামক অন্য একটি ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রত্নাপালং রুহুল্লার ডেবা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। করাতকলটির বিভিন্ন সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়েছে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকার কারণে দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। আর একটি অবৈধ করাতকল উচ্ছেদ করে সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।