পশ্চিমা বিশ্বে আমাদের বিশ্ববিদ্যালয় 'বি' ক্যাটাগরির: কুবি ট্রেজারার
ছবি: প্রতিনিধি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, "পশ্চিমা বিশ্বে আমাদের বিশ্ববিদ্যালয় 'বি' ক্যাটাগরিতে বিবেচিত হয়, যা আমাদের জন্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো জ্ঞান সৃষ্টি করা। আমাদের শিক্ষকেরা ভালো গবেষণা করলেও তা যথাযথভাবে প্রকাশিত হয় না, ফলে আমরা অনেক তথ্য থেকে বঞ্চিত হই। আজকের প্রণোদনা অন্যান্য শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করবে।"
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে "Research Incentive Ceremony-2025" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত প্রকাশিত গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৩ জন শিক্ষককে গবেষণা প্রণোদনা প্রদান করা হয়।
সেমিনারে পাঁচটি ফ্যাকাল্টির অধীনে ১৩ জন শিক্ষককে প্রণোদনা দেওয়া হয় সেখানে বিজ্ঞান অনুষদে পাঁচ জন ,কলা ও মানবিক অনুষদে এক জন, সামজিক বিজ্ঞান অনুষদে দুই জন, বিজনেস স্টাডিজ অনুষদে তিন জন এবং প্রকৌশল অনুষদের দুই জন শিক্ষককে কিউ ওয়ান এবং কিউ টু জার্নালের উপর ভিত্তি করে তিন জনকে চল্লিশ হাজার, পাঁচজনকে পঁয়তাল্লিশ হাজার এবং পাঁচ জনকে পঞ্চাশ হাজার টাকা করে প্রণোদনা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের স্থান নয়, এটি জ্ঞান সৃষ্টিরও জায়গা। গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান সৃষ্টি হয়। যারা এবার গবেষণা প্রণোদনা পাচ্ছেন, তাদের দেখে আগামী বছর আরও অনেকেই অনুপ্রাণিত হবেন। শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনারা সবাই নিজেদের প্রোফাইল আপডেটেড রাখবেন।"
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "একটি গবেষণা প্রকাশনা মানেই একটি নতুন সৃষ্টি। আপনারা যোগ্য বলেই প্রণোদনা পেয়েছেন। আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অনুপাত তুলনা করে দেখেছি, আমাদের এখানে শিক্ষকের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ। এত বেশি ক্লাস নেওয়ার পরও আপনারা 'কিউ ওয়ান' জার্নালে গবেষণা প্রকাশ করতে পেরেছেন, যা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণার বিষয়।"
সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।