কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা

কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাদী হয়ে নিজেই থানায় মামলা দায়ের করেছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলাটি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান। 

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে পেড়েছেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাফি মামলায় উল্লেখ করেন, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ধানমন্ডি-৩২ এর শেখ মুজিবের বাড়ি ধ্বংসে জনগণের নেতৃত্বে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে ইতোমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে।