জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে ইরান

জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে ইরান

ফাইল ফটো

প্রথমবারের মতো জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে ক্ষুদ্র-শ্রেণির (মাইক্রো-ক্লাস) একটি স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। ৪০ কেজি ওজনের 'নাভাক' নামক এই যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে ভূ-সমলয় কক্ষপথে পৌঁছানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে দেশটি।

দেশটির মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, অত্যাধুনিক সিমোর্গ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। এই মিশনটিকে ইরানের মহাকাশ শিল্পে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি দেশটির যোগাযোগ ক্ষমতা বৃদ্ধিতে একটি বড় অগ্রগতির ইঙ্গিত দেয়।

টেলিযোগাযোগ উপগ্রহ নাভাক স্যাটেলাইট ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত একটি প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। এটি ডিজাইন করেছে ইরানি মহাকাশ গবেষণা কেন্দ্র।

জিওসিঙ্ক্রোনাস কক্ষপথ (কখনও কখনও সংক্ষেপে GSO ) হলো একটি পৃথিবী কেন্দ্রিক কক্ষপথ, যেখানে একটি উপগ্রহ ভূমির সঙ্গে একই রকম গতিতে ঘুরে বেড়ায়। যার ফলে এটি পৃথিবীর একটি নির্দিষ্ট পয়েন্টের ওপরে স্থির থেকে যায়। এটি সাধারণত প্রায় ৩৫ হাজার ৭৮৬ কিমি (২২,২৩৬ মাইল) উচ্চতায় অবস্থান করে।

জিওসিঙ্ক্রোনাস অরবিট সাধারণত দুরত্ব এবং সময়ের জন্য উপগ্রহ পরিষেবা, যেমন আবহাওয়া পর্যবেক্ষণ, টেলিযোগাযোগ এবং টিভি সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়।