নাফ নদী থেকে ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফে মাছ শিকারের সময় নাফ নদীর মোহনা থেকে চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। আটক জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌ-ঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, মাছ ধরতে যাওয়া চারটি নৌকাসহ ১৯ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ শিকারের সময় জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে এবং তাদের ফেরত আনতে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে।