বাংলাদেশের ‘রাজনৈতিক পরিমণ্ডল’ শক্তিশালীকরণে ২৯ মিলিয়নের কর্মসূচি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

বাংলাদেশের ‘রাজনৈতিক পরিমণ্ডল’ শক্তিশালীকরণে ২৯ মিলিয়নের কর্মসূচি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ফাইল ছবি।

বাংলাদেশের ‘রাজনৈতিক পরিমণ্ডল’ শক্তিশালীকরণে ২৯ (৩৫২ কোটি টাকা) মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের ‘ভোটার উপস্থিতি’ বাড়ানোর জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের ১১টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করে ডিওজিই। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের' নামে দেওয়া ২৯ মিলিয়ন ডলার সহায়তা এমন একটি ফার্মের (সংস্থা) কাছে গেছে, যার নামও আগে কেউ শোনেনি।’ সেখানে মাত্র দুজন কর্মী কাজ করে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘গভর্নরস ওয়ার্কিং সেশন’-এ এমন মন্তব্য করেন ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের পর গত ১৬ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন ব্যয় সংকোচনে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডিওজিই)। 

এর আওতায় বাংলাদেশের ‘রাজনৈতিক পরিমণ্ডল’ শক্তিশালীকরণে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের 'ভোটার উপস্থিতি' বাড়ানোর জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের ১১টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করে ডিওজিই। 

ট্রাম্প এনিয়ে গভর্নর অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন এক ফার্মকে, যার নাম আগে কেউ শোনেনি। তারা ২৯ মিলিয়ন ডলারের চেক পেয়েছে। আপনারা কী কল্পনা করতে পারেন! আপনার ছোট একটি সংস্থা আছে। আপনি এখানে ১০ হাজার পান, ওইখানে এক লাখ পান এবং তারপরে পেলেন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ২৯ মিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, ‘ওই সংস্থায় দুজন কাজ করেন, মাত্র দুজন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। খুব শীঘ্রই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিনে প্রকাশ হবে।’ 

এছাড়াও, ভারতকে দেয়া অনুদান নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, '২১ মিলিয়ন ডলার আমার বন্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতকে দেওয়া হয়েছে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য।'

তিনি বলেন, 'আমরা ভারতের জন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি ভোটার উপস্থিতির জন্য। আমাদের কী হবে? আমিও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক।'

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট অনুযায়ী, 'স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ (এসপিএল)' প্রকল্পটি ইউএসআইডি ও ডিএফআইডি-এর অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো। প্রকল্পটি ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত হওয়ার কথা ছিল।

মোদির দেশে ১৮২ কোটি টাকা যাচ্ছে কেন, প্রশ্ন ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনে অনুদান দেওয়া নিয়েও মুখ খুলেছেন। এই বিতর্কে প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও নিলেন তিনি। এ নিয়ে তিন বার একই বিষয়ে ভারতকে অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। 

আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু ভারতের নির্বাচনে ১৮২ কোটি টাকা (২ কোটি ১০ লক্ষ ডলার) অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘ভারতে ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির দেশে ১৮২ কোটি টাকা যাচ্ছে। কিন্তু ভারতের ভোটারদের উপস্থিতি বৃদ্ধির জন্য আমাদের কী হবে? আমিও চাই ভোটারদের বুথমুখী করতে। কিন্তু সেটা আমার দেশের জন্য।’

আমেরিকার দাবি, ভারতে ভোটারদের বুথমুখী করতে প্রায় ১৮২ কোটি টাকা অনুদান দিয়েছিল তারা। সম্প্রতি সেই অনুদান বন্ধ করে দেয় ইলন মাস্কের দফতর। তার পর থেকেই এই অনুদান নিয়ে পূর্বতন জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি আগেও ভারতকে নিশানা করেছেন। বলেছিলেন, ‌‘ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২.১০ কোটি ডলার? ভারতের ভোট নিয়ে আমরা কেন মাথা ঘামাব? আমাদের নিজেদের তো অনেক সমস্যা রয়েছে। আমাদের নিজেদের ভোটের হার নিয়েও চিন্তা করতে হবে। এতগুলো টাকা ভারতে যাচ্ছিল! ভাবতে পারছেন?’ শুধু তা-ই নয়, এই অনুদানকে ‘ঘুষের প্রকল্প’ বলেও উল্লেখ করেছেন তিনি। এ ধরনের ব্যবস্থাকে ‘বেআইনি’ বলে মনে করা হয়। ভারতকে বেআইনিভাবে অনুদান দেওয়ার দাবি তুলে এর আগে বাইডেন প্রশাসনকে তুলোধনা করেছেন ট্রাম্প। মাস্কের পাশে দাঁড়িয়ে পূর্বসূরিকে নিশানা করে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল। আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি।'

অনুদান বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যও ইতিমধ্যেই ভারতীয় রাজনীতিতে শোরগোল ফেলেছে। পাশাপাশি, বিশ্ব কূটনৈতিক মহলও আলোড়িত। ট্রাম্পের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে মোদি সরকারও। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিষয়টি উদ্বেগজনক। গোটা বিষয় সংশ্লিষ্ট দফতর খতিয়ে দেখছে বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।