মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি, গ্রেফতার ৪
প্রতিকী ছবি
মাইকে ঘোষণা দিয়ে হাতে রাম দা নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪) ও মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।
পুলিশ কর্মকর্তা বলেন, যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার ও এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
প্রসঙ্গত: গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন। প্রকাশ্যে চাঁদা চাওয়ার এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করে। অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু ব্যাপারীর ছেলে।