নড়াইলে ১৭ মামলার আসামি ধলা বাবুল গ্রেফতার
ফাইল ছবি
নড়াইলের লোহাগড়া থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৭ মামলার আসামি ধলা বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তারা উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি মডেলের নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।