রাজবাড়িতে বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
প্রতীকী ছবি।
রাজবাড়ীর পাংশায় বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাম্মু মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে পাংশা-লাঙ্গলবাধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাম্মু মিয়া উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে। এ ঘটনায় কায়ুম নামের এক বাইসাইকেল চালক আহত হয়েছেন।
আহত কায়ুম উপজেলার মৌরাট ইউনিয়নের বাসিন্দা।
নিহতের বন্ধু তিতুমীর জানান, সাম্মু নিজ বাড়ি (বয়রাট) থেকে পাংশা শহরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ও বাইসাইকেল চালক গুরুতর আহত হন।
পরবর্তীতে তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে প্রেরণ করা হয়। কিন্তু পথে সাম্মু মারা যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানসু সুমা বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন হাসপাতালে এসেছিলেন। তাদের ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।
তবে তাদের মধ্যে সাম্মু নামের একজন মারা গেছেন বলে জানতে পেরেছি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাইসাইকেল ও মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।