নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

ছবিঃ সংগৃহিত।

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, মোবাইল, টর্চলাইট ও নগদ টাকা জব্দ করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। এর আগে, সোমবার দিনে এবং রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)। 

পুলিশ সুপার জানান, গত শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নামাপাড়া এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতি এবং পরের দিন মোটরসাইকেল আটকিয়ে আলাদা দুটি ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা এবং ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। 

তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি মোবাইল, দুটি টর্চলাইট, একটি চাকু ও নগদ আট হাজার টাকা জব্দ করা হয়েছে। 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যে ডাকাতির ঘটনায় ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা দুইভাগে ভাগ হয়ে দলগতভাবে ডাকাতি করেন। ডাকাতিতে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।