শেরপুরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি।
শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় খোকা মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার রাজ মাহমুদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় এক চায়ের দোকানে চা পান করার পর নালিতাবাড়ী-নকলা মহাসড়ক পার হচ্ছিলেন খোকা মিয়া৷ এসময় নালিতাবাড়ী থেকে নকলাগামী দ্রুত গতির পণ্যবাহী একটি ট্রাক খোকা মিয়াকে সড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়৷
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে ধরার চেষ্টা চলছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ব্যতীত লাশ হস্তান্তর করা হয়েছে৷