ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার
ছবি : প্রতীকি
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দলীয় নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দেশব্যাপী ভাইরাল হন তিনি। উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহসভাপতি। রাজধানীর ধানমন্ডিতে আবাহনী খেলার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে জানান, আবাহনী মাঠের পাশে সড়কে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালানো হয়। তখন উম্মে হানি সেতুকে পেয়ে তাকেও তল্লাশি করা হয়। এ সময় তার মোবাইল থেকে কিছু তথ্য পাওয়া যায়। তখন জানা যায়, তিনি যুব মহিলা লীগের নেত্রী।
ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সেতু জানান, তিনি এখন আর রাজনীতির সঙ্গে জড়িত নন। তার সংসার চলে না। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি, তিনি অনৈতিক কাজের সঙ্গে জড়িত। পরে তাকে আমরা আটক করে থানায় নিয়ে আসি