পৌনে তিন লাখ অভিবাসীকে বিতাড়িত করেছে ডোমিনিকান প্রজাতন্ত্র

পৌনে তিন লাখ অভিবাসীকে বিতাড়িত করেছে ডোমিনিকান প্রজাতন্ত্র

ছবিঃ সংগৃহীত।

ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে ২০২৪ সালে ২ লাখ ৭৬ হাজারেরও বেশি অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির অভিবাসন অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। যেসব ব্যক্তি অবৈধ অভিবাসী বা যারা অভিবাসন আইন লঙ্ঘন করেছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সরকার অভিবাসন নিয়ন্ত্রণ ও বৈধ বাসিন্দা নীতিগুলো কার্যকর করতে এ ধরনের বহিষ্কার কার্যক্রম পরিচালনা করে থাকে। খবর সিএনএন।

গত বছরের শেষ তিন মাসে নতুন এক অভিযানের আওতায় ৯৪ হাজারের বেশি অনিয়মিত অবস্থায় থাকা বিদেশীকে বহিষ্কার করা হয়েছে। অভিযানটির লক্ষ্য ছিল প্রতি সপ্তাহে সর্বোচ্চ ১০ হাজার অবৈধ হাইতিয়ানদের দেশ থেকে সরানো। এ নির্দেশনা দিয়েছে ডোমিনিকান প্রজাতন্ত্রের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ, যা প্রেসিডেন্ট লুইস আবিনাদারের নেতৃত্বে পরিচালিত হয়েছে।

বিবৃতিতে ডোমিনিকান কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চে ৪৮ হাজার ৩৪৪ জন, এপ্রিল থেকে জুনে ৬২ হাজার ৪৪৬ জন ও জুলাই থেকে সেপ্টেম্বরে ৭১ হাজার ৪১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

সরকারের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো গত অক্টোবরে সাংবাদিকদের জানান, ডোমিনিকান প্রজাতন্ত্রে হাইতিয়ান অভিবাসীদের ‘অতিরিক্ত’ সংখ্যা মোকাবেলা করতে সরকার বহিষ্কারের হার বাড়িয়েছে। ডোমিনিকান প্রজাতন্ত্র ও হাইতি একই দ্বীপ ভাগ করে নেয় এবং দীর্ঘদিন ধরে এ দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিকভাবে মানুষের চলাচল হয়ে আসছে।

হাইতি একটি গুরুতর রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে রয়েছে। পাশাপাশি অনেক মানুষকে বিতাড়িত করা হচ্ছে।

হাইতির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক ডুপুই ‘বহিষ্কার ও অভিযানের নির্মম দৃশ্যের’ নিন্দা জানান এবং তার স্বদেশীদের বিরুদ্ধে ‘অমানবিক কর্মকাণ্ডের’ জন্য ন্যায়বিচার দাবি করেন। ডোমিনিকান কর্তৃপক্ষের দাবি, তারা মানবাধিকার মেনে বহিষ্কার কার্যক্রম পরিচালনা করছে।

গত অক্টোবরে রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ডোমিনিকান রিপাবলিকের আইন প্রয়োগকারী সংস্থার ব্যবহৃত খাঁচাযুক্ত ট্রাকে অনেক অভিবাসীকে গাদাগাদি করে হাইতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সহায়তা সংস্থাগুলো হাজার হাজার বিতাড়িত মানুষকে সহায়তা করার জন্য দ্রুত হাইতির সীমান্তে সাহায্য পাঠায়।