নারী ঢাকা প্রিমিয়ার লিগে জ্যোতির সেঞ্চুরি
নিগার সুলতানা জ্যোতি
চলমান নারী ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ষষ্ঠ রাউন্ডে এসে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক।
শুক্রবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস হেরে ব্যাটিং করতে নেমে ২৬৭ রান করে শেলটেক। ১১৫ বলে জ্যোতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১০২ রান। ১১টি চারের মারে ১১১ বলে শতকের দেখা পান জ্যোতি।
এ ছাড়া ৬৬ রান করেন শারমিন সুলতানা। ৪০ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে। কলাবাগানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুবর্ণা কর্মকার।
তাড়া করতে নেমে মাত্র ১৪১ রানে অলআউট হয় কলাবাগান। সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক দিশা বিশ্বাস। ২১ রান আসে ফারজানা আক্তার লিসার ব্যাট থেকে। শেলটেকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন জান্নাতুল ফেরদাউস-হালিমাতুল সাদিয়া।