বোনের শ্বশুর বাড়িতে প্রবাসীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বোনের শ্বশুর বাড়িতে প্রবাসীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি : প্রতীকি

চট্টগ্রামের মিরসরাইয়ের বোনের শ্বশুর বাড়িতে প্রবাসী মো. মহিউদ্দিন খুনের ঘটনার প্রধান আসামি শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৭)।

রোববার (৯ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর  সিনিয়র সহকারী (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। এর আগে শনিবার (৮ মার্চ) ভোররাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শেখ ফরিদ (৩৫) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার নোয়াপাড়া এলাকার মিছিল আহমেদের ছেলে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি মহিউদ্দিনের বোন বাদী হয়ে জোরাগঞ্জ থানায় ৪ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম মো. মফিজ প্রকাশ মহিউদ্দিন (৪৫) দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন এবং কিছুদিন আগে দেশে ফিরে আসেন। ৪ বছর আগে শেখ ফরিদের সঙ্গে মহিউদ্দিনের বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। মহিউদ্দিন বোনের সংসারে সুখের কথা চিন্তা করে প্রবাসে অবস্থানকালে বোন জামাই শেখ ফরিদ উদ্দিনকে ব্যবসার জন্য ১৫ লাখ টাকা দেন। পরর্বতীতে মহিউদ্দিন দেশে অবস্থানকালে তার বোনের কাছে দেওয়া ১৫ লাখ টাকা ফেরত চান। ওই বিষয়ে মহিউদ্দিনের বোন তার স্বামী শেখ ফরিদ উদ্দিনকে টাকা ফেরত দেয়ার বিষয়ে জানালে শেখ ফরিদ উদ্দিন এবং তার পরিবার টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। 

গত ২১ ফেব্রুয়ারি মহিউদ্দিন তার বোনের শ্বশুর বাড়ি জোরারগঞ্জ নোয়াপাড়া এলাকায় গিয়ে পাওনা ১৫ লাখ টাকা ফেরতের অস্বীকৃতির কথা জিজ্ঞাসাবাদ করলে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারে অন্যান্য লোকজনের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারে অন্যান্য লোকজন উত্তেজিত হয়ে প্রবাসী মহিউদ্দিনকে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। পরর্বতীতে স্থানীয় লোক জন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মো. সেলিম বলেন, প্রবাসী মো. মহিউদ্দিন খুনের ঘটনার প্রধান আসামি শেখ ফরিদ প্রকাশ শরীফকে র‌্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।