রাফিনিয়া-ইয়ামালের রেকর্ডের রাতে কোয়ার্টারে বার্সা
ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লামিন ইয়ামাল-রাফিনহার জাদুতে বেনফিকাকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে বার্সেলোনা। সতীর্থকে দিয়ে গোল করানোর পাশাপাশি ইয়ামাল নিজেও পেয়েছেন জালের দেখা। নতুন কীর্তি গড়েছেন তিনি। সঙ্গে রাফিনহাও পেয়েছেন রেকর্ডের দেখা।
শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-বেনফিকা। ঘরের মাঠে ফিরতি লেগে পর্তুগিজ ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কাতালুনিয়ান ক্লাবটি। বেনফিকার মাঠে প্রথম লেগ ১-০তে জিতে ফিরেছিল হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচে সবকটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১১ মিনিটে রাফিনহা বার্সাকে এগিয়ে নেয়ার দুই মিনিটের মধ্যে বেনফিকাকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস ওটামেন্ডি। ২৭ মিনিটে ইয়ামাল আবারও লিড এনে দিলে ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। আসরে বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে রাফিনহা গোল করলেন পাঁচটি। প্রথমপর্বের দেখায় জোড়া গোলের পর শেষ ষোলোর প্রথম লেগে করেছিলেন একটি।
চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী ফুটবলারের রেকর্ডটি এখন ইয়ামালের। এদিন তার বয়স ছিল ১৭ বছর ২৪১ দিন। ইয়ামাল ভেঙেছেন ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এমবোলোর ১৭ বছর ২৬৩ দিন বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড।
অন্যদিকে দুই গোল করে আসরে ১১তম গোলের দেখা পেয়েছেন রাফিনহা। তাতে প্রতিযোগিতায় ব্রাজিলীয়দের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ব্রাজিলের আর কেউ কোনো ক্লাবের হয়ে কোনো বছরই ১০ গোলের বেশি করতে পারেননি। ১০টি করে গোল আছে নেইমার, রিভালদোসহ পাঁচজনের।