সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আটক

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আটক

ছবি : সংগৃহীত

পাবনা-৪ আসনের সাবেক  সংসদ সদস্য, প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর বড় মেয়ে মাহজেবিন শিরিন প্রিয়াকে (৫০) আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।মাহজেবিন শিরিন প্রিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

প্রিয়া ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।  

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে যুবদল কর্মীদের লক্ষ্য করে গুলির ঘটনায় একটি মামলা হয়। এতে ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়া মহল্লার মৃত আব্দুল রশিদের ছেলে যুবদল কর্মী নজরুল ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে নজরুল ইসলাম বাদী হয়ে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সেজো ছেলে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করেন। প্রিয়ার স্বামী সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু পলাতক থাকাকালীন ঢাকা থেকে আটক হয়ে জেলহাজতে গিয়ে জামিনে মুক্তি পেয়েছেন। ছোট ভাই উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল এখনো পাবনা জেলা কারাগারে রয়েছেন।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।