ধর্ষনের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির শোক
ফাইল ছবি
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর একটায় সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আছিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, লেবার পার্টি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নারী হেনস্থার ঘটনায়ও উদ্বেগ জানায়।
বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান কর্তৃক বৃহস্পতিবার (১৩ মার্চ) এক শোকবার্তায় লেবার পার্টির নেতৃদ্বয় বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়ার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যু আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিষ্কার করে দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা প্রত্যাশা করি যে, শিশু আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। কেননা, দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচারব্যবস্থা আবার জেগে উঠুক। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
লেবার পার্টি শিশু আছিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।