ট্রাকের ধাক্কায় ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান, সার্জেন্ট সাইরুল ইসলাম, চালক জামাল, কনস্টেবল রশিদ ও রাশেদ এবং ট্রাকে থাকা ইলিয়াস, আলআমিন ও তুষার। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠিয়ে দিলে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা আলুর বস্তা রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানের নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ।
পরে রাস্তা সচল করতে রাত ৩টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করা হচ্ছিল। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য এবং ট্রাকে থাকা তিনজন গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল।