জয়পুরহাটে ৯ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ১৮ লাখ টাকা জরিমানা
ছবি : সংগৃহীত
জয়পুরহাটে অনুমোদনহীন অবৈধ ৯ ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ২৪ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এক সপ্তাহের অভিযানে জেলার বিভিন্ন এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় মোট ৩০টি অবৈধ ইটভাটার মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২০টি, পাঁচবিবি উপজেলায় ৮টি আক্কেলপুর উপজেলায় ২টি ইটভাটা রয়েছে। ৩০ ইটভাটার মধ্যে ২৪টিতে অভিযান পরিচালনা করে ১৮ লাখ ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৯ ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মূলত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও পরিদর্শক, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানগুলোতে সহযোগিতা করেন।