ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় ঝরলো শিশুসহ  ৩ প্রাণ

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় ঝরলো শিশুসহ  ৩ প্রাণ

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন৷ নিহত তিন জনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন৷ 

বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫), ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)। দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ দেখতে পাই। ওই সময় আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং তিনটি লাশও নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক গাড়ি সহ পালিয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে।