আইপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার হওয়ার রেকর্ড আর্চারের
ছবি: সংগৃহীত
আইপিএলের গত আসর থেকেই দেখা মিলছে রান বন্যার। এবারের আসরও ব্যতিক্রম নয়। গতকাল অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আজ দ্বিতীয় ম্যাচেই রান ছুঁয়েছে প্রায় তিনশ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ইষাণ কিষাণের সেঞ্চুরিতে বিশাল এই সংগ্রহ গড়েছে হায়দরাবাদ।
হায়দরাবাদ যখন আজকের ম্যাচে রান উৎসব করেছে তখন কপাল পুড়েছে রাজস্থানের জোফরা আর্চারের। ইংলিশ এই বোলার আজ দেদারছে রান বিলিয়েছেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।
হায়দরাবাদের বিপক্ষে আজকের ম্যাচে ৪ ওভার বল করেছেন আর্চার। কোনো উইকেট না নিয়ে তিনি রান দিয়েছেন ৭৬।
প্রথম ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন আর্চার। সেই ওভারে তিনি দেন ২৩ রান। এরপর আবার ১১তম ওভারে বোলিংয়ে এসে তিনি কিছুটা ভালোই করেছেন, দিয়েছেন ১১ রান। এরপরের দুই ওভারে আবার খরুচে ছিলেন তিনি। নিজের করা তৃতীয় ওভারে ২২ এবং চতুর্থ ওভারে ২৩ রান দেন তিনি।
আইপিএলে সবচেয়ে খরুচে বোলারের রেকর্ডটি এর আগে ছিল মোহিত শর্মার। গত মৌসুমে ৪ ওভার ৭৩ রান দিয়েছিলেন তিনি। এবার তার চেয়ে ৩ রান বেশি দিয়ে সবচেয়ে খরুচে বোলার হয়েছেন আর্চার।