পরকীয়া প্রেমের জেরে শিক্ষকের দুই পা ভাঙলো গৃহবধূর স্বামী-স্বজনরা

পরকীয়া প্রেমের জেরে শিক্ষকের দুই পা ভাঙলো গৃহবধূর স্বামী-স্বজনরা

ছবি : প্রতীকি

নড়াইল সদর উপজেলায় আব্দুল্লাহ আল আরাফাত নামে এক স্কুল শিক্ষকের ওপর হামলা করে দুই পা ভেঙ্গে দিয়েছেন রোজিনা আক্তার নামে এক গৃহবধূর স্বামী-স্বজনরা। প্রতিবেশী গৃহবধূ রোজিনা আক্তারের সঙ্গে পরকীয়ার জেরে ওই নারীর সংসার ভাঙ্গার প্রতিশোধ নিতে তার স্বামী ও স্বজনরা এ কাণ্ড ঘটায় বলে অভিযোগ রয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল আরাফাত নামে হামলার শিকার ওই শিক্ষককে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল আরাফাত তার প্রতিবেশী দুই সন্তানের জননী রোজিনা আক্তারের সঙ্গে পরকীয়ার প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে ওই নারীর স্বামী মশিয়ার শেখ ও পরিবারের কলহ শুরু হয়। এক পর্যায়ে তা মারপিট থেকে মামলা মকদ্দমায় গড়ায়। এক পর্যায়ে ওই নারীও তার স্বামীর সংসার ছেড়ে তার বাবার বাড়ি ফিরতে বাধ্য হন। এ নিয়ে দুপক্ষে বিদ্যমান দ্বন্দ্বের এক পর্যায়ে বুধবার সকালে শিক্ষক আব্দুল্লাহ তার বাড়ি থেকে পার্শ্ববর্তী গোবরা বাজারে যাওয়ার পথে ওই নারীর স্বামী মশিয়ার শেখ ও তার স্বজনরা লাঠিশোঠা নিয়ে হামলা চালিয়ে তার দুপা ভেঙ্গে দেয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকলে নেওয়ার পরামর্শ দেন। ওই শিক্ষক আব্দুল্লাহ আল আরাফাত গোবরা পার্বতী বিদ্যাপীঠে শিক্ষকতা করেন। স্থানীয়রা জানান, তিনি এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন।

তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে ওই গৃহবধূর স্বামী মশিয়ার শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনাস্থলের পাশ্ববর্তী মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিবেশী গৃহবধূর সঙ্গে শিক্ষক আব্দুল্লাহর পরকীয়া প্রেমের জেরে ইতোপূর্বে মারামারির ঘটনায় ওই নারীর স্বামী ও তার পরিবারের কয়েক জনের নামে আব্দুল্লাহ মামলা দায়ের করেন। নারী ঘটিত এসব বিষয় নিয়ে বিরোধের জেরে শিক্ষকের ওপর হামলা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।