ঈদে নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্টগার্ড
সংগৃহীত ছবি
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন।
শুক্রবার (২৮ মার্চ) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন বাগেরহাটের মোংলা, শরণখোলা, খুলনার রুপসা, কয়রা, নলিয়ান এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
তিনি বলেন, কোস্টগার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।