পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যের ডিজি
ফাইল ছবি
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগে জন্য ইতোমধ্যে পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিসিএস থেকে আরও সাড়ে তিন হাজার চিকিৎসক নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে একাডেমিক পদায়নের জন্যও সুপারনিউমারারি পদ সৃষ্টি করছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে ২৫০ শষ্যার নাটোর সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. হাবিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নাটোর জেলা শাখার সভাপতি ডা. আমিনুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. আনিছুজ্জামান পিয়াস ও নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যের মহাপরিচালক আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। এছাড়া, গুরুতর আহত ৪০ জনকে দেশের বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। রোগীদের সমস্যা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ ছাড়া, চিকিৎসক সংকট নিয়ে তিনি মতবিনিময় করেন।