মাস্টারের ‘ভুলে’ ট্রেন যাত্রীদের ভোগান্তি, ট্রেনে উঠতে গিয়ে আহত যাত্রী
ছবি : প্রতীকি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্ল্যাটফর্মবিহীন রেললাইনে ট্রেন থামানোয় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। এ ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের ২ নং লাইনে (প্ল্যাটফর্মবিহীন) যাত্রাবিরতি দিলে এ সমস্যা দেখা দেয়।
ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক যাত্রী আহত হন। এ সময় ২ নং লাইনে অন্য কোনো ট্রেন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন কেবিন মাস্টার মায়নুল হক।
সূত্রে জানা যায়, আধুনিকায়নকৃত আখাউড়া রেলওয়ে স্টেশনে ৩টি বড় প্ল্যাটফর্ম ও ১০টির বেশি রেললাইন রয়েছে। সাধারণত যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনগুলো ১ নং প্ল্যাটফর্মেই থামে। কিন্তু মঙ্গলবার বিকেলে প্রচুর যাত্রী ১ নং প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকলেও ট্রেনটি ২ নং প্ল্যাটফর্মবিহীন লাইনে প্রবেশ করে।
এতে শতাধিক যাত্রী, বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা চরম ভোগান্তির শিকার হন। ক্ষুব্ধ যাত্রীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় আলী মাহমেদ নামে এক যাত্রী ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে পায়ে আঘাত পান।
আহত যাত্রী আলী মাহমেদ বলেন, আমার দুই হাতে দুটি ব্যাগ ছিল। ট্রেনটি প্ল্যাটফর্মবিহীন লাইনে থামায় দৌড়ে উঠতে গিয়ে পড়ে যাই। এতে আমার ডান পায়ে ব্যথা পেয়েছি।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার (সিএসএম) মায়নুল হক বলেন, আমার অনিচ্ছাকৃত ভুলে ট্রেনটি ২ নং লাইনে থেমেছে। এ জন্য আমি যাত্রীদের কাছে ক্ষমা চাইছি।