বান্দরবানে বুদ্ধমূর্তি স্নান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
সংগৃহীত ছবি
বান্দারবানে বুদ্ধমূর্তি স্নানের মধ্য দিয়ে পুরোনো বছরের সব গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের মানুষ।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠান উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষের অংশগ্রহণে কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির থেকে একটি ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীর তীরে গিয়ে শেষ হয়।
এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষেরা এই বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় এক ধর্মীয় দেশনা সভার। সভায় বৌদ্ধ ধর্মানুসারীদের দেশনা প্রদান করেন উজানীপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ধর্মগুরু ড. সুবন্নলংকারা মহাথের।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলে সমবেত প্রার্থনা করেন এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বান করেন। ধর্মীয় দেশনা শেষে বুদ্ধমূর্তিকে পবিত্র চন্দন জল দিয়ে স্নান করিয়ে জাগতিক ও পরকালের শান্তি কামনা করেন পুণ্যার্থীরা।
এ দিকে বান্দরবান শহরের রাজগুরু ক্যাং থেকে প্রধান মূর্তিগুলোকে মাথায় চড়িয়ে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় শহরের উজানি পাড়াস্থ সাঙ্গু নদীর তীরে। এ সময় বৌদ্ধভিক্ষু, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বৌদ্ধ ধর্মের অনুসারী নারী-পুরুষ দল বেধে ভিড় জমান নদীর ঘাটে। আনুষ্ঠানিক প্রার্থনার পর মূর্তিগুলোকে চন্দন মিশ্রিত পানিতে স্নান করানো হয়। তাছাড়া সারা বছরের গ্লানি ও অকল্যাণকে ধুয়ে মুছে দিতে স্নানে ব্যবহৃত পানি বোতল ভরে বাড়িতে নিয়ে যান অনুসারীরা।