উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নকল আকিজ বিড়ি জব্দ
ছবি: প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় দশ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু সিন্ডিকেট চক্র বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিক্রি করছে। এতে একদিকে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।