লিভারপুলেই থাকছেন ফন ডাইক

লিভারপুলেই থাকছেন ফন ডাইক

ছবি: সংগৃহীত

লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক ক্লাবটির সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। ৩৩ বছর বয়সী এই ডাচ ডিফেন্ডারের আগের চুক্তি চলতি মৌসুম শেষেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল।

এর আগে দলটির তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও নতুন দুই বছরের চুক্তি করেছেন। এবার ফন ডাইকও একই পথে হাঁটলেন।

"সবসময়ই লিভারপুল ছিল আমার মাথায়, এটাই ছিল আমার পরিকল্পনা, সবসময়ই লিভারপুল ছিল আমার লক্ষ্য।" চুক্তির পর আবেগঘন কণ্ঠে বলেন ফন ডাইক

২০১৮ সালের জানুয়ারিতে সাউথ্যাম্পটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন ফন ডাইক। এরপর থেকে ক্লাবটির হয়ে খেলেছেন ৩১৪ ম্যাচ। ২০২৩ সালে জর্ডান হেন্ডারসন দল ছাড়ার পর তাকে অধিনায়ক বানানো হয়।

"এক মুহূর্তের জন্যও দ্বিধা ছিল না, এটাই আমার জায়গা, আমার পরিবারের জন্যও। কিছুদিন আগে একজন আমাকে 'অ্যাডপটেড স্কাউজার' বলেছিল। এমন কথা শুনে গর্বে বুক ভরে যায়,", বলেছেন ফন ডাইক।

তিনি বলেন, "এই ক্লাবে আরও দুই বছর থাকার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। এটাই আমার জীবনের গর্বের মুহূর্তগুলোর একটি।"

লিভারপুলের হয়ে তার সাফল্যের ঝুলিতে রয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ এবং দুইবার করে ইএফএল কাপ জয়ের স্মৃতি।

নতুন কোচ আরনে স্লটের অধীনে এবারও দারুণ খেলছে লিভারপুল। ক্লাবটি ঘরে তুলতে পারে তাদের রেকর্ড-সমান ২০তম লিগ শিরোপা। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফন ডাইক।

গত মার্চে ফন ডাইক বলেছিলেন, তিনি থাকবেন কি না সে ব্যাপারে নিশ্চিত নন। তবে চলতি মাসের শুরুতে জানান, চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

সালাহ ও ফন ডাইকের ভবিষ্যৎ নিশ্চিত হলেও ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসেনি। ইনজুরি কাটিয়ে বুধবার অনুশীলনে ফিরেছেন তিনি। তবে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে জুলাইয়ে, আর গুঞ্জন চলছে, তাকে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ।