সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ তিনদিনের রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ তিনদিনের রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তেজগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মোশাররফকে। পরে তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি জানান, মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি। 

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট মামলা হয়। 

মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।