‘তেল কম মারেন’ সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: প্রতিনিধি
টিআই তারেক: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক এবং দুর্নীতি। এই দুটি জিনিস কমানো গেলে আর কোন সমস্যা থাকতো না। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। ইউনিফর্মে যেতে হবে। কমপক্ষে বাহিনীর ভেস্ট পরে অভিযানে যাওয়ার নির্দেশনা দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের মধ্যে তেল মারার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে বলেন, তেল কম মারেন। তেল মারতে মারতে সব তেল শেষ হয়ে গেলে, পরে আর কি তেল মারবেন। এজন্য তেল কিছু কম মারেন। তবে পরিমানমত দিয়েন।
দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক ও দুর্নীতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। দুর্নীতি কমানো গেলে দেশে আর কোন সমস্যা থাকতো না। এজন্য সরকারি কর্মকর্তাদের পকেটের সংখ্যা কমানোর পরামর্শ দেন তিনি। বেশি পকেট থাকলে মনে হয় এই পকেটটা খালি রয়ে গেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক। তাই আমাদের থেকে সবচেয়ে বেশি সুবিধা নিতে পারবেন। আমরা সবার জন্য সমান কাজ করছি। রাজনৈতিক সরকারের দলের লোকদের বিষয় মাথায় রাখতে হয়। আমাদের সেটা নাই।
২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে সশস্ত্র বাহিনী এবং যশোর জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টাদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। যশোর জেলা প্রশাসকের অমিত্রাক্ষর কার্যালয়ে আয়োজিত সভায় মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, ফায়ার সার্ভিস, মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।